শুরু হলো এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘কেমন বাজেট চাই’
দর্শক নন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির উদ্যোগে আয়োজিত জনপ্রিয় অনুষ্ঠান ‘কেমন বাজেট চাই’ সম্প্রচার শুরু হয়েছে।
রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত এনটিভির স্টুডিওতে আজ বৃহস্পতিবার (১৪ মে) রাত সোয়া ৮টায় শুরু হওয়া এ অনুষ্ঠানের মাধ্যমে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশাগুলোকে সরকারের নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আলোচনা চলছে।
এই অনুষ্ঠানের মাধ্যমে বাজেট সম্পর্কে উঠে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশার কথা সামনে রেখে উপস্থিত প্যানেল অতিথিরা তুলে ধরছেন তাদের বাজেট ভাবনা।
এবারের অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পকিল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য (সম্মাননীয় ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. ওয়ারেসুল করীম, জ্বালানি বিশেষজ্ঞ ড. এম শামসুল আলম, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি নাসির হোসেন, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম ও বিটিএমইএর সভাপতি শওকত আজিজ রাসেলসহ বিশেষজ্ঞ আলোচকরা।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানটি সরাসরি দেখা যাচ্ছে এনটিভি, এনটিভি অনলাইন, এনটিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

নিজস্ব প্রতিবেদক