নভেম্বরে ঢাকায় শুরু হচ্ছে বাটেক্সপো ২০২৬
দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) উদ্যোগে আগামী ১৮ ও ১৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাটেক্সপো ২০২৬। বিজিএমইএর নির্দেশনা ও তত্ত্বাবধানে ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান আগামী নভেম্বরের বাটেক্সপো ২০২৬ সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে অনলাইন মিডিয়ার জোরালো প্রচার-প্রচারণা চান।
এবারের প্রদর্শনীর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ব্র্যান্ডিং কান্ট্রি’। প্রচলিত বাজারের পাশাপাশি নতুন ও সম্ভাবনাময় বৈশ্বিক বাজারে বাংলাদেশের পোশাক খাতের অবস্থান আরও শক্তিশালী করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
আয়োজকরা জানান, প্রদর্শনীতে থাকছে গ্লোবাল অ্যাপারেল এক্সপো, গ্লোবাল অ্যাপারেল সামিট, এআই ও ইনোভেশন হাব এবং সাসটেইনেবিলিটি ও সার্কুলারিটি এক্সপোজিশন। পাশাপাশি থাকবে জিআইজেড কর্তৃক প্রদত্ত টেকসই নেতৃত্ব পুরস্কার এবং ফ্যাশন রানওয়ে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের পোশাক রপ্তানি, বৈশ্বিক ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ, উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা, পণ্যের বৈচিত্র্যকরণ, জ্বালানি নিরাপত্তা, এলডিসি গ্র্যাজুয়েশন ও পরবর্তী প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ব্যবসা সহজীকরণ, কাস্টমস ও ব্যাংকিং খাতের জটিলতা নিরসন এবং অন্যান্য নীতিগত সহযোগিতার জন্যও আহবান জানানো হয়।
এদিকে, আগামী ২৮ ও ২৯ অক্টোবর বিজিএমইএ ও এইচএসবিসি বাংলাদেশের যৌথ উদ্যোগে হংকংয়ে বাংলাদেশ অ্যাপারেল রোডশো হংকং ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। জাপানের বাজারের সম্ভাবনা কাজে লাগাতে বিজিএমইএ কার্যালয়ে বিশেষায়িত বিজিএমইএ-জাপান ডেস্ক চালু করা হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন।

নিজস্ব প্রতিবেদক