সরকারের ট্যাক্স পলিসি পুরোপুরি বিনিয়োগ পরিপন্থি : মোহাম্মদ হাতেম
বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গত তিনদিন আগে আমরা ব্যবসায়ীরা দেখা করার পর তিনি আমাদের কথা দিয়েছেন, ট্যাক্স কমাতে পারবেন না কিন্তু বাড়াবেনও না। তবে পলিসিগত সাপোর্ট লাগলে তা তিনি দেবেন। বর্তমান সরকারকে আমি বলবো, সরকারের ট্যাক্স পলিসি পুরোপুরি বিনিয়োগ পরিপন্থি।
আজ বৃহস্পতিবার (১৪ মে) দেশের দর্শকনন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানের আলোচনায় অংশ নিয়ে মোহাম্মদ হাতেম এসব কথা বলেন।
বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, যদি কোনো ব্যবসায়ী একশ কোটি টাকা এক্সপোর্ট করে তাহলে এআইটি হিসেবে তার কাছ থেকে কেটে নেওয়া হচ্ছে এক কোটি টাকা। তাহলে ১২ শতাংশ ট্যাক্স-ভ্যাট দেওয়ার পর প্রফিট করতে হবে তাকে ৮ কোটি টাকা। যেটা এ প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব হচ্ছে না। দেখা গেল এক কোটি টাকা যা ট্যাক্স নিয়ে গেল রিটার্ণ দাখিলের সময় আমাকে ফেরৎ দিচ্ছে না। আবার এ ফাইলের মধ্যে টিডিএস বাবদ ধরছে। এছাড়া সোর্স থেকে ১৭ শতাংশ কেটে নেওয়া হচ্ছে। একদিকে এনবিআর বলছে শুরুতে এক কোটি না দিলে আমি রিটার্ন দাখিল করতে পারবো না। সমন্বয় নাই। এ ধরনের অত্যাচার থেকে ব্যবসায়ীদের রক্ষা করেন।
মোহাম্মদ হাতেম বলেন, সরকারকে ধন্যবাদ জানাই, বন্ধ হওয়া ফ্যাক্টরিগুলো সচল করার উদ্যোগ নিয়েছেন। এটা সাহসী উদ্যোগ। আমরা তিনদিন আগেই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। আমাদের বেশি দরকার পলিসিগত সাপোর্ট।
এ অনুষ্ঠানে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সম্পর্কে উঠে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশার আলোকে উপস্থিত প্যানেল অতিথিরা তুলে ধরছেন তাদের বাজেট ভাবনা।
এবারের অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পকিল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য (সম্মাননীয় ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. ওয়ারেসুল করীম, জ্বালানি বিশেষজ্ঞ ড. এম শামসুল আলম, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি নাসির হোসেন, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম ও বিটিএমইএর সভাপতি শওকত আজিজ রাসেলসহ বিশেষজ্ঞ আলোচকরা।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানটি সরাসরি দেখা যাচ্ছে এনটিভি, এনটিভি অনলাইন, ফেসবুক পেজ ও ইউটিভিউ চ্যানেলে।

নিজস্ব প্রতিবেদক