সিন্দুকে লুকিয়ে থাকা টাকা সার্কুলেশনে আনতে হবে : শওকত আজিজ
আসন্ন বাজেটে সিন্দুকে পড়ে থাকা অর্থ অর্থনীতির মূল ধারায় বা সার্কুলেশনে ফিরিয়ে আনার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমইএ) সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, ‘টাকা যদি সার্কুলেশনে আনা না যায়, তবে তা অর্থনীতিতে কোনো সহযোগিতা করবে না।’ আজ বৃহস্পতিবার (১৪ মে) রাতে রাজধানীর তেজগাঁওয়ে এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘কেমন বাজেট চাই’-এর উদ্বোধনী বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
জ্বালানি সংকটের ওপর গুরুত্বারোপ করে শওকত আজিজ রাসেল বলেন, জ্বালানি এবং শিল্প ওতপ্রোতভাবে জড়িত এবং যেকোনো শিল্প উৎপাদনের জন্য জ্বালানি অপরিহার্য। তিনি অভিযোগ করেন, যারা ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট পরিচালনা করছেন, তারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সরকারের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা বা প্রণোদনা পাচ্ছেন না। উৎপাদনের মাঝপথে বিদ্যুৎ চলে গেলে পুরো ব্যাচটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, যা শিল্পের জন্য বড় ক্ষতি।
ব্যবসায়ীদের অর্থনীতির চালিকা শক্তি হিসেবে সম্বোধন করার পাশাপাশি আবার অর্থনীতিকে 'ভঙ্গুর' বলা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন। বিটিএমইএ সভাপতির মতে, বর্তমান ব্যাংকিং ব্যবস্থা অনেকটা 'ট্যাক্স কালেক্টর'-এর মতো হয়ে দাঁড়িয়েছে। ব্যাংকগুলো সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের সাথে ব্যবসায় লিপ্ত হওয়ায় এবং নিজেদের টাকা সেখানে জমা রেখে মুনাফা করায় সাধারণ ব্যবসায়ীদের হাতে আর প্রয়োজনীয় পুঁজি পৌঁছাচ্ছে না। এর ফলে উদ্যোক্তাদের বিনিয়োগ ও ব্যবসা পরিচালনা ব্যাহত হচ্ছে বলে তিনি মনে করেন।

নিজস্ব প্রতিবেদক