এবার বিদেশ ভ্রমণের খরচ টাকায় পরিশোধের নতুন সুযোগ
এখন থেকে বিদেশ ভ্রমণের প্যাকেজ মূল্য বাংলাদেশি টাকায় পরিশোধ করতে পারবেন ভ্রমণকারীরা। স্থানীয়ভাবে লাইসেন্সপ্রাপ্ত ট্যুর অপারেটরদের মাধ্যমে বৈদেশিক ভ্রমণ প্যাকেজের আওতায় হোটেল, যাতায়াতসহ গন্তব্যস্থলের অন্যান্য সেবার মূল্য টাকায় গ্রহণ করার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ রোববার (৯ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনামূলক সার্কুলার জারি করা হয়েছে।
নতুন এই নিয়মে ট্যুর অপারেটররা ভ্রমণকারীদের কাছ থেকে দেশে টাকায় টাকা সংগ্রহ করবেন। পরবর্তীতে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে বিদেশে অবস্থিত সংশ্লিষ্ট ট্যুর অপারেটর, হোটেল বা ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানিকে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে।
তবে এ সুবিধা পাওয়ার ক্ষেত্রে ট্যুর অপারেটরদের অবশ্যই ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সদস্য হতে হবে। একই সঙ্গে বিদেশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে তাদের বৈধ চুক্তি বা সমঝোতা স্মারক থাকতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, একজন ভ্রমণকারীর জন্য এই ব্যবস্থায় বছরে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার পর্যন্ত সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে পাঠানো যাবে। বিশেষ দ্রষ্টব্য হিসেবে উল্লেখ করা হয়েছে, এই সীমা একজন নাগরিকের ব্যক্তিগত বার্ষিক ভ্রমণ কোটার (১২ হাজার ডলার) অতিরিক্ত হিসেবে গণ্য হবে।
কেন্দ্রীয় ব্যাংক আরও স্পষ্ট করেছে, এই সুবিধাটি শুধুমাত্র প্রকৃত বিদেশ ভ্রমণ সেবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। নিশ্চিত বুকিং কিংবা চুক্তি ছাড়া কোনো ধরনের আগাম অর্থ পাঠানো অথবা ভ্রমণ ব্যয়ের আড়ালে মূলধন পাচারের মতো লেনদেন কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। অনুমোদিত ডিলার ব্যাংকগুলো প্রয়োজনীয় নথিপত্র যাচাই শেষে অর্থ ছাড় করবে এবং পরবর্তী সাত দিনের মধ্যে তা বাংলাদেশ ব্যাংককে অবহিত করবে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)