ঈদের ছুটি শেষে হিলি বন্দরে পণ্য আমদানি রপ্তানি শুরু
সাত দিন বন্ধ থাকার পর ফের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার (১ জুন) বেলা সাড়ে ১২টায় ভারত থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। এতে করে বন্দরে স্বাভাবিক কার্যচাঞ্চল্য ফিরে এসেছে।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহীনুর ইসলাম জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ২৫-৩১ মে পর্যন্ত হিলি স্থলবন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতাদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
মো. শাহীনুর ইসলাম আরও জানান, ঈদের ছুটিতে টানা ৭দিন বন্ধ থাকার পর আজ সোমবার থেকে আবারও বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। একইসঙ্গে বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোডের কার্যক্রমও সমান তালে চলছে। ফলে বন্দরে গতি ফিরে এসেছে।
স্থানীয় কাস্টমস কার্যালয় সূত্র জানায়, শুক্রবার সাপ্তাহিক ও সরকারি অন্যান্য ছুটি ব্যতীত ৬দিনই প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এমনকি কাস্টমস কর্মকর্তারা রাত ১০টা পর্যন্তও ব্যবসায়ীদের আমদানি-রপ্তানিকৃত পণ্য খালাসে সব ধরনের সেবা দিয়ে যাচ্ছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, বন্দরে সীমান্ত বাণিজ্য বন্ধ থাকলেও সপ্তাহের সাত দিনই বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে যাত্রীরা হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে এই দুই দেশে আসা-যাওয়া করেন। সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই কার্যক্রম চালু থাকে।
এদিকে হিলি স্থল কাস্টমস স্টেশনের ডেপুটি কমিশনার অব কাস্টমস (উপ-কমিশনার) সন্তোষ সরেন জানান, ঈদের ছুটি শেষে আজ থেকে বন্দরে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে। ফলে ভারত থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাকগুলো বন্দরে প্রবেশ করছে। দ্রুত সময়ে পণ্যগুলো খালাসের জন্য কাস্টমস কর্তকর্তারা দায়িত্ব পালন করছেন।
এদিকে বন্দরের বেসরকারি ওয়্যারহাইজ ‘পানামা হিলি পোর্ট লিংক লিমিটেড’ সূত্র জানায়, দীর্ঘ ৭ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর ব্যবহারকারীদের মধ্যে স্বাভাবিক কার্যচাঞ্চল্য ফিরেছে।

জাহিদুল ইসলাম, হিলি