ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ ক্ষতিকর হলে ভেবে দেখা হবে : বাংলাদেশ ব্যাংক
তফসিলি ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান পদ নিয়ে আমানতকারী বা কেউ ক্ষুব্ধ হলে তা পুনঃবিবেচনা করতে পারে বাংলাদেশ ব্যাংক। যদি সত্যিকার অর্থেই নতুন চেয়ারম্যানের নিয়োগ ব্যাংকটির জন্য ক্ষতিকর হয়, তাহলে বাংলাদেশ ব্যাংক ভেবে দেখবে কী করা যায়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বুধবার (৩ জুন) ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের দাবিতে চলমান আন্দোলন প্রসঙ্গে এসব কথা বলেন।
আগের দুই দিনের ধারাবাহিকতায় বুধবার বেলা ১১টায় মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে সমাবেশ করে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল দিলকুশা হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। প্রেসক্লাবে পথসভা শেষে তারা ফিরে যান দিলকুশায়। সেখানে তারা ঘোষণা দেন, খুরশীদ আলমের নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
রাস্তার কোনো আন্দোলনে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে পরিবর্তন হবে না জানিয়ে মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, তবে এই ধরনের আন্দোলন চলুক, এটাও নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংক চায় না। বাংলাদেশ ব্যাংক দেখতে চায়, যারা বিক্ষোভ প্রকাশ করছে, তারা আসলে এ ব্যাংকের সঙ্গে কতটুকু সম্পৃক্ত এবং সত্যিকার অর্থে নতুন চেয়ারম্যান নিয়োগের কারণে এই ব্যাংকের স্বার্থ কতটা ক্ষুণ্ণ হলো। বাংলাদেশ ব্যাংক এসব বুঝতে চাচ্ছে। যদি এ রকম হয়, সত্যিকার অর্থেই নতুন চেয়ারম্যানের নিয়োগ ব্যাংকটির জন্য ক্ষতিকর হবে, বাংলাদেশ ব্যাংক তাহলে ভেবে দেখবে কী করা যায়। কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই চূড়ান্ত।

নিজস্ব প্রতিবেদক