অপরিবর্তিত থাকছে করপোরেট কর
করপোরেট করহার আগামী পাঁচ বছর অপরিবর্তিত রেখে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পেশ করেন। এটি দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে আগের মতোই পাঁচ শতাংশ ব্যবধান রেখে করপোরেট করহার প্রস্তাব করা হয়েছে। আইপিওর পাশাপাশি সরাসরি তালিকাভুক্ত হয়ে পরিশোধিত মূলধনের ন্যূনতম ১০ শতাংশ শেয়ার বিক্রি করলে করহার হচ্ছে ২২ দশমিক ৫০ শতাংশ। তবে কোম্পানির সব আয় ব্যাংকের মাধ্যমে লেনদেন সম্পন্ন করলে করহার হচ্ছে ২০ শতাংশ।
বাজেটে অ-তালিকাভুক্ত কোম্পানির করহার ধরা হয়েছে ২৭ দশমিক ৫০ শতাংশ। তবে কোম্পানি সব লেনদেন ব্যাংকের মাধ্যমে করলে করহার ২৫ শতাংশ। ব্যাংক, বীমা ও ফাইন্যান্স কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে করহার ৩৭ দশমিক ৫০ শতাংশ, তালিকাভুক্ত না হলে করহার হবে আগের মতো ৪০ শতাংশ।
প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। অংকের দিক থেকে যা দেশের ইতিহাসের রেকর্ড। বাজেটে সরকারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে এগিয়ে নেওয়া।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এটি প্রথম বাজেট। আগামী ১৫ জুন চলতি অর্থবছরের সম্পূক বাজেট পাস হবে। এরপর ১৬ জুন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনা শুরু হবে এবং ৩০ জুন বাজেট পাস করতে হবে।

নিজস্ব প্রতিবেদক