ময়মনসিংহ সিটি করপোরেশনের বাজেট ঘোষণা
ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৮২২ কোটি ৩০ লাখ টাকার বিশাল বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (৬ জুলাই) দুপুরে নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই বাজেট পেশ করেন সিটি প্রশাসক রোকুনুজ্জামান রোকন। নাগরিক স্বস্তির কথা বিবেচনা করে ঘোষিত এই নতুন বাজেটে নগরবাসীর ওপর নতুন করে কোনো কর আরোপ করা হয়নি।
এবারের প্রস্তাবিত বাজেটে আগামী অর্থ বছরের জন্য রাজস্ব বাজেট ধরা হয়েছে ১৪৬ কোটি ২৭ লাখ টাকা এবং উন্নয়ন বাজেট ধরা হয়েছে ৬৭৬ কোটি তিন লাখ টাকা। এ ছাড়া অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থ বছরের ৬৪৩ কোটি ৭৯ লাখ টাকার সংশোধিত বাজেট পেশ করা হয় এবং নতুন প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৭৯০ কোটি ১১ লাখ টাকা।
বাজেট বক্তৃতায় সিটি প্রশাসক রোকুনুজ্জামান রোকন বলেন, ‘ময়মনসিংহ সিটির প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক বিভিন্ন প্রয়োজনে পার্শ্ববর্তী বিভিন্ন জেলার লাখ লাখ মানুষ প্রতিদিন এই নগরীতে আসেন। ফলে এখানে অব্যাহতভাবে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি নাগরিক সেবার চাহিদাও দিন দিন বাড়ছে। তবে ময়মনসিংহ শহর এলাকায় বড় কোনো ভারী শিল্প প্রতিষ্ঠান বা বাণিজ্যিক কেন্দ্র না থাকায় শুধু স্থানীয় রাজস্ব দ্বারা কাঙ্ক্ষিত উন্নয়ন করা সবসময়ই বেশ চ্যালেঞ্জিং। তবে আশার কথা হলো, এবারের বাজেটে আমরা কোনো নতুন কর আরোপ করিনি। নগরীর নতুন সম্প্রসারিত এলাকাগুলোতে আগে শতভাগ নাগরিক উন্নয়ন নিশ্চিত করা হবে, এরপর নিয়ম অনুযায়ী সেখানে কর ধার্য করা হবে।’
গত ১৬ মার্চ দায়িত্ব নেওয়ার পর থেকে নগরবাসীর জীবনযাত্রার মানোন্নয়নে গৃহীত নানা পদক্ষেপের কথা তুলে ধরে প্রশাসক বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে আমরা ড্রেন ও খালগুলো পুরোপুরি পরিষ্কার করেছি। যার ফলে নগরবাসী একসময় যে আকুয়া খাল ও গোহাইলকান্দি খালের অস্তিত্ব ভুলতে বসেছিল, সেই খালে এখন আবার পানির স্বাভাবিক স্রোত বহমান। এই বর্ষায় নগরবাসী সাময়িক সময়ের জন্য জলজট দেখলেও কোনো দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার ভোগান্তিতে পড়েননি।’ তিনি আরও জানান, ড্রেন ও খালগুলো সবসময় সচল ও পরিষ্কার রাখার জন্য ইতিমধ্যে সাড়ে ৫০০ পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হয়েছে এবং একই সাথে বস্তি এলাকার সার্বিক উন্নয়নেও কাজ চলছে।
অনেক সীমাবদ্ধতা এবং সরকারি নির্দেশনার বাইরে কাজ করার সুযোগ না থাকার কথা উল্লেখ করে রোকুনুজ্জামান রোকন বলেন, নগরটা আমাদের—এই স্লোগানকে বুকে ধারণ করে বাসিন্দাদের একটি পরিচ্ছন্ন ও সুন্দর নগরী উপহার দিতে আমরা বদ্ধপরিকর। তবে এটি বাস্তবায়নে নগরীর সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে তিনি নগরীর ফুটপাতগুলোকে সম্পূর্ণ দখলমুক্ত করা এবং তীব্র যানজট নিরসনে দ্রুত অত্যন্ত কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিয়া এবং পরিবহন মহাব্যবস্থাপক রাজীব উল হাসান উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী ও এ কে এম মাহবুবুল আলম; বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির আবদুল করিম ও সেক্রেটারি শহীদুল্লাহ কায়সারসহ সিটির অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তানভীর হোসাইন, ময়মনসিংহ (সদর-মুক্তাগাছা)