দেশের যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের আটটি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে উল্লিখিত অঞ্চলসমূহের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করতে নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর।
ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে দেশের উপকূলীয় এলাকা এবং সংশ্লিষ্ট নদীবন্দরগুলোতে এই বৈরী আবহাওয়া বিরাজ করছে। নদীবন্দরে চলাচলকারী সব ধরনের নৌযানকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক