সাতক্ষীরায় দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তাজমিরা নামের ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাজমিরা তালা উপজেলার পাটকেলঘাটা থানার বাদুড়িয়া গ্রামের আব্বাজান আলীর মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাহাদুরপুর এলাকা থেকে একটি ইজিবাইকে চড়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিল শিশু তাজমিরা। পথিমধ্যে পাটকেলঘাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক থেকে ছিটকে পড়ে তাজমিরা গুরুতর আহত হয়।
ঘটনার পরপরই স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আনিছুর রহমান, সাতক্ষীরা (সদর-কলারোয়া-তালা-ভোমরা স্থলবন্দর)