জুয়েলারি খাতে বসছে সুনির্দিষ্ট ভ্যাট
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জুয়েলারি খাতে ভ্যাট আদায় সহজ ও স্বচ্ছ করতে নতুন প্রস্তাব দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট পেশ করেন।
বর্তমানে জুয়েলারি সেবার বিপরীতে প্রচলিত ৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে প্রতি ভরি স্বর্ণের ওপর দুই হাজার ৫০০ টাকা সুনির্দিষ্ট ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে।
এই ব্যবস্থায় ভ্যাট হিসাব আরও সহজ হবে, ব্যবসায়ীদের জন্য জটিলতা কমবে ও রাজস্ব আদায়ে স্বচ্ছতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে জুয়েলারি খাতে কর ব্যবস্থাপনা আরও কার্যকর ও বাস্তবসম্মত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এবারের প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। অঙ্কের দিক থেকে যা দেশের ইতিহাসের রেকর্ড। বাজেটে সরকারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে এগিয়ে নেওয়া।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। আগামী ১৫ জুন চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাস হবে। এরপর ১৬ জুন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনা শুরু হবে এবং ৩০ জুন বাজেট পাস করতে হবে।

নিজস্ব প্রতিবেদক