খেলনা ঘোষণার চালানে এলো কোটি টাকার ড্রোন
খেলনা ঘোষণা দিয়ে আমদানি করা চালানে এসেছে ১ হাজার ৯৮০ পিস ড্রোন। এসব ড্রোনের ওজন ৬৫৮ কেজি। এসব ড্রোনের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আল আমিন জানান, ঢাকার কমলাপুরে কাস্টমস হাউস আইসিডি কর্মকর্তারা গত ২৯ সেপ্টেম্বর একটি আমদানি চালান পরীক্ষা করেন। ওই চালানটি গত ২৭ সেপ্টেম্বর আমদানি করা হয়েছিল। আমদানিকারক ছিল রাজধানীর চকবাজারের মিম কালেকশন। চালানে বিভিন্ন ধরনের খেলনা এবং রিচার্জযোগ্য রিমোট কন্ট্রোল খেলনা ঘোষণা করা হয়েছিল। তবে কায়িক পরীক্ষার সময় ঘোষণার বাইরে বিপুল সংখ্যক ড্রোন পাওয়া যায়। পরে ড্রোনগুলো জব্দ করা হয়।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, জব্দ ড্রোনগুলোর উড্ডয়নসীমা এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করা হচ্ছে। যাচাই শেষে ড্রোন আমদানির সঙ্গে জড়িত রাজস্ব ও প্রযোজ্য জরিমানা আদায় করা হবে। এই ঘটনায় কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঢাকার কাস্টমস হাউস আইসিডি কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দীন বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নির্দেশ অনুযায়ী আমদানি নীতির পরিপন্থী পণ্য আমদানি ও রাজস্ব ফাঁকি রোধে কাস্টমস কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক