দেশে উৎপাদিত মদের দাম বাড়ছে
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশে উৎপাদিত মদের ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বসানোর প্রস্তাব করা হয়েছে। এতে করে দেশীয় কোম্পানি কেরু অ্যান্ড কোম্পানিতে উৎপাদিত প্রতি লিটার মদে ৫০০ টাকা করে কর বসবে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট পেশকালে এ প্রস্তাব করেন।
এর আগে কেরুর উৎপাদিত মদের ওপর কেবল আবগারি শুল্ক ছিল। কিন্তু ভ্যাট যুক্ত ছিল না। কোম্পানিটি কেবল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দিষ্ট হারে আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি দিত। এখন নতুন করে ভ্যাট যুক্ত হওয়ায় দেশি মদ পানে বাড়তি অর্থ গুনতে হবে সেবনকারীদের।
এবারের প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। অংকের দিক থেকে যা দেশের ইতিহাসের রেকর্ড। বাজেটে সরকারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে এগিয়ে নেওয়া।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। আগামী ১৫ জুন চলতি অর্থবছরের সম্পূক বাজেট পাস হবে। এরপর ১৬ জুন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনা শুরু হবে এবং ৩০ জুন বাজেট পাস করতে হবে।

নিজস্ব প্রতিবেদক