অর্থ বিভাগে বরাদ্দ বাড়ছে ২৯ হাজার ৮০৪ কোটি টাকা
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থ বিভাগে জন্য বরাদ্দ বাড়ছে ২৯ হাজার ৮০৪ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট পেশ করেন।
প্রস্তাবিত বাজেটে অর্থ বিভাগে বরাদ্দ দেওয়া হয়েছে তিন কোটি ১৯ লাখ ৮০২ কোটি টাকা। চলতি ২০২৫-২৬ অর্থবছরে অর্থ বিভাগে দুই লাখ ৬১ হাজার ৩৮৩ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছিল, যা সংশোধিত বাজেটে দুই লাখ ৮৯ হাজার ৯৯৮ কোটি টাকা দাঁড়ায়।
এবারের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। অঙ্কের দিক থেকে যা দেশের ইতিহাসের রেকর্ড। বাজেটে সরকারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে এগিয়ে নেওয়া।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। আগামী ১৫ জুন চলতি অর্থবছরের সম্পূক বাজেট পাস হবে। এরপর ১৬ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনা শুরু হবে এবং ৩০ জুনের মধ্যে বাজেট পাস করতে হবে।

নিজস্ব প্রতিবেদক