বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য বাজেটে সুখবর
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের স্বাধীন চলাচল ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ২১ ধরনের স্পেশাল অ্যাসিস্টিভ ডিভাইস আমদানিতে বড় ধরনের কর সুবিধার প্রস্তাব করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট পেশ করেন।
প্রস্তাবিত বাজেট অনুসারে, এসব সহায়ক যন্ত্র আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক ও আগাম কর (এটি) সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হবে। সরকারের মতে, এই কর-রেয়াত সুবিধার ফলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের চলাচল আরও সহজ হবে, তাদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং পরিবার ও সমাজের ওপর আর্থিক চাপ কমবে।
এবারের প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। অঙ্কের দিক থেকে যা দেশের ইতিহাসের রেকর্ড। বাজেটে সরকারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে এগিয়ে নেওয়া।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। আগামী ১৫ জুন চলতি অর্থবছরের সম্পূক বাজেট পাস হবে। এরপর ১৬ জুন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনা শুরু হবে এবং ৩০ জুনের মধ্যে বাজেট পাস করতে হবে।

নিজস্ব প্রতিবেদক