প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা চালু
প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ ও রেমিট্যান্স প্রবাহ বাড়াতে অফশোর ব্যাংকিং ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে প্রবাসীরা অফশোর ব্যাংকিং ইউনিটের (ওবিইউ) মাধ্যমে ‘অনিবাসী বিনিময়যোগ্য টাকা হিসাব’ খুলতে পারবেন।
আজ মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, প্রবাসীদের পাঠানো অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাসহ অফশোর ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
সার্কুলার অনুযায়ী, বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো বৈদেশিক মুদ্রার বিপরীতে প্রবাসীরা এ হিসাব খুলতে পারবেন। সঞ্চয়ী, চলতি বা নির্দিষ্ট মেয়াদের স্থায়ী আমানতের সব ধরনের অ্যাকাউন্ট হিসেবে এটি খোলা যাবে। প্রবাসীদের জন্য নতুন এ ব্যাংকিং সুবিধায় বিদেশে টাকা ফেরত নেওয়া যাবে সহজে।
এ অ্যাকাউন্টে রেমিট্যান্স, অন্য অনিবাসী হিসাব থেকে স্থানান্তরিত অর্থ, অর্জিত সুদ বা লাভ এবং বাংলাদেশে অনুমোদিত বিনিয়োগ বা পুঁজিবাজার থেকে পাওয়া আয় জমা করা যাবে। এ হিসাবের সবচেয়ে বড় সুবিধা হলো এর পূর্ণ প্রত্যাবাসনযোগ্যতা। অর্থাৎ অ্যাকাউন্টে জমা থাকা মূল অর্থ ও অর্জিত মুনাফা যেকোনো সময় বাধাহীনভাবে বিদেশে স্থানান্তর করা যাবে। এ ছাড়া এ অর্থ দেশের ভেতরেও বিভিন্ন খাতে ব্যবহার করা যাবে। এর মধ্যে রয়েছে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই), পোর্টফোলিও বিনিয়োগ, স্থানীয় পেমেন্ট এবং অন্য বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টে স্থানান্তর। নতুন নিয়মে এ তহবিল ব্যবহার করে বেজা, বেপজা ও বিকেইপিজেডের মতো বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ‘টাইপ-এ’ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে স্থানীয় মুদ্রায় ঋণ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এ ঋণ শুধু চলতি ব্যয় যেমন বেতন, মজুরি ও ইউটিলিটি বিল পরিশোধে ব্যবহার করা যাবে এবং পরিশোধ করতে হবে রপ্তানি আয়ের মাধ্যমে।
এ ছাড়া প্রবাসীরা এই হিসাবের ব্যালেন্স জামানত রেখে স্থানীয় ব্যাংক থেকে ঋণ সুবিধাও নিতে পারবেন। এ ঋণ ব্যক্তিগত বা ব্যবসায়িক কাজে ব্যবহার করা গেলেও কৃষি, প্ল্যান্টেশন ও আবাসন খাতে বিনিয়োগে ব্যবহার নিষিদ্ধ থাকবে। তবে আবাসিক সম্পত্তি ক্রয় বা অ-প্রত্যাবাসনযোগ্য বিনিয়োগে এ অর্থ ব্যবহার করা যাবে।

নিজস্ব প্রতিবেদক