সৌদিতে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর একযোগে জানাজা সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (২৮ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে নওগাঁর আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে একসঙ্গে তাদের এই জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে অগ্নিকাণ্ডে পরিচয় শনাক্ত হওয়া ৯ প্রবাসীর মরদেহ এসে পৌঁছায়। তাদের মধ্যে সাতজনের বাড়িই নওগাঁর আত্রাই উপজেলায়। মরদেহগুলো প্রশাসনিক সহায়তায় রাত দেড়টার দিকে আত্রাই উপজেলায় নিয়ে আসা হয় এবং রাত থেকে সকাল পর্যন্ত মরদেহবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সগুলো আত্রাই থানা চত্বরে পুলিশ হেফাজতে রাখা হয়।
জানাজায় নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান, আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমসহ স্থানীয় প্রশাসন ও হাজারো মানুষ অংশ নেন। জানাজা শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হলে স্বজনদের আহাজারিতে এক শোকাচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হয়।
নিহত সাতজন হলেন- আত্রাই উপজেলার উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামাণিক, একই গ্রামের গাফফার প্রামাণিকের দুই ছেলে মোহন আলী ও সুমন আলী, বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের তমেজ উদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল সরদার।
নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু বলেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে নিহতদের পরিবারকে সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতেও সহায়তা অব্যাহত থাকবে। বাকি মরদেহগুলো দেশে আনার প্রক্রিয়া চলছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিকেলে স্ব-স্ব গ্রামে দ্বিতীয় জানাজা শেষে নিহতের পরিবারগুলো তাদের নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করবে।

আসাদুর রহমান জয়, নওগাঁ