চার দিনে রেমিট্যান্স এলো ৪২৮০ কোটি টাকা
চলতি বছরের জুলাই মাসের প্রথম চার দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এলো ৩৪ কোটি ৮৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় চার হাজার ২৮০ কোটি ৭৮ লাখ ৩৫ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)। এর মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে।
আজ রোববার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি জুলাই মাসের প্রথম চার দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ২৪ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে তিন কোটি ৩৭ লাখ ২০ হাজার ডলার ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ছয় কোটি ৬০ লাখ ৯০ হাজার ডলার। এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে চার লাখ ৩০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংক জানায়, দেশের ব্যাংকগুলোর মধ্যে জুন মাসের প্রথম চার দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ছয় কোটি ৬০ লাখ ৯০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে পাঁচ কোটি ১৩ লাখ ৫০ হাজার ডলার। পরের অবস্থানে থাকা সিটি ব্যাংক মাধ্যমে এসেছে চার কোটি ৬১ লাখ ৬০ হাজার ডলার। ব্র্যাক ব্যাংকের মাধ্যমে চার কোটি ৫৬ লাখ ৮০ হাজার ডলার এসেছে।
জুলাই মাসের এই প্রথম চার দিনে দেশি-বিদেশি ১৭টি ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি। এর মধ্যে আটটি বেসরকারি এবং ছয়টি বিদেশি ব্যাংক রয়েছে। প্রবাসী আয় না আসা ব্যাংকগুলো হলো- বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, সিটিজেন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, মেঘনা ব্যাংক, পদ্মা ব্যাংক, সীমান্ত ব্যাংক, ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, এইচএসবিসি, ওরি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

নিজস্ব প্রতিবেদক