১১ দিনে রেমিট্যান্স আসেনি যেসব ব্যাংকে
চলতি বছরের জুলাই মাসে প্রথম ১১ দিনে দেশে ১১৫ কোটি ৪০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। এর মধ্যে ১১টি ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স। অবশ্য এখানে ছয়টি বিদেশি ব্যাংক রয়েছে। আজ রোববার (১২ জুলাই) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ে প্রথম ১১ দিনে কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ১১টি। এর মধ্যে রয়েছে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, একটি বিশেষায়িত ব্যাংক, তিন বেসরকারি ব্যাংক ও ছয়টি বিদেশি ব্যাংক। এই ১১ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি খাতের সিটিজেন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। এ ছাড়া রেমিট্যান্স আসেনি হাবিব ব্যাংক, ব্যাংক আল ফালাহ, এইচএসবিসি, উরি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়াতে।
অপরদিকে জুলাইয়ে এই ১১ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৮৪ কোটি ৬৫ লাখ ৪০ হাজার ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪ কোটি ১৬ লাখ ৬০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ কোটি ৩৭ লাখ ৬০ হাজার ডলার। এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ২১ লাখ ৩০ হাজার ডলার। আলোচিত ১১ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৯ কোটি ৫ লাখ ৬০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ১৬ কোটি ৩৭ লাখ ৬০ হাজার ডলার।

নিজস্ব প্রতিবেদক