সপ্তমবার ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ
টানা সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি অর্জন করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসি (বিএটি বাংলাদেশ)। বিশ্বখ্যাত ‘টপ এমপ্লয়ার্স ইনস্টিটিউট’ এ স্বীকৃতি দিয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে টানা সপ্তমবার এই স্বীকৃতি পাওয়ার কৃতিত্ব ধরে রাখল কোম্পানিটি।
আজ বুধবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী মানবসম্পদ ব্যবস্থাপনা ও কর্মপরিবেশে উৎকর্ষ মূল্যায়নের জন্য পরিচিত ‘টপ এমপ্লয়ার্স ইনস্টিটিউট’ জনবল কৌশল, কর্মপরিবেশ, মেধাবী কর্মী নিয়োগ, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি এবং কর্মীদের কল্যাণসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোর মূল্যায়ন করে।
এবারের মূল্যায়নে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিএটি বাংলাদেশ বিভিন্ন বিভাগে শীর্ষ স্কোরপ্রাপ্তদের অন্যতম ছিল। নেতৃত্ব বিকাশ, মানবসম্পদ ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তর, কর্মীদের কল্যাণ এবং কর্মী সম্পৃক্ততা জোরদারে কোম্পানিটির ধারাবাহিক উদ্যোগ এ স্বীকৃতি অর্জনে ভূমিকা রেখেছে।
বিএটি বাংলাদেশের হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ বলেন, ‘টপ এমপ্লয়ার সনদ আমাদের নীতি ও কার্যপ্রণালীগুলোকে একটি বৈশ্বিক মানদণ্ডের বিপরীতে মূল্যায়ন করতে সহায়তা করে। একই সঙ্গে এটি আমাদের আরও এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে। সপ্তমবারের মতো এই স্বীকৃতি অর্জন এমন একটি কর্মপরিবেশ গড়ে তোলার প্রতি আমাদের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন, যেখানে কর্মীরা নিজেদের সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগিয়ে বিকশিত হতে পারেন।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টপ এমপ্লয়ার্স ইনস্টিটিউটের মূল্যায়নে বিএটি বাংলাদেশের শক্তিশালী নিয়োগদাতা ব্র্যান্ড, মেধাবী জনবল আকর্ষণ ও ধরে রাখার সক্ষমতা এবং নতুন কর্মীদের জন্য সুসংগঠিত অনবোর্ডিং ব্যবস্থার প্রশংসা করা হয়েছে। পাশাপাশি মেধাবী জনবল আকর্ষণ ও কর্মী উন্নয়ন—এই দুই গুরুত্বপূর্ণ সূচকেও প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য স্কোর অর্জন করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক