শাহজালালে সাত যাত্রীর ব্যাগে সাড়ে ৩৮ লিটার মদ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় একই ফ্লাইটের সাতজন যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে সাড়ে ৩৮ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক অভিযানে এসব মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য সাত লাখ ৭০ হাজার টাকা।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ সেপ্টেম্বর মুম্বাই থেকে ঢাকাগামী ‘এয়ার ইন্ডিয়ার’ একটি ফ্লাইটে আগত কয়েকজন যাত্রী অবৈধভাবে বিদেশি মদ বহন করছেন— এমন গোপন সংবাদ পেয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দারা নজরদারি জোরদার করেন।
ফ্লাইটটি সকাল ১০টা ৪৩ মিনিটে বিমানবন্দরে অবতরণ করার পর যাত্রীরা ইমিগ্রেশন সম্পন্ন করেন। পরবর্তীতে কাস্টমস তল্লাশির হাত থেকে বাঁচতে তারা ব্যাগেজ নিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করার চেষ্টা করেন। এ সময় কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা সন্দেহভাজন ওই সাত যাত্রীকে থামিয়ে তাদের ব্যাগপত্র তল্লাশি করেন।
তল্লাশিতে আজমুল হকের ব্যাগ থেকে ১০ লিটার, মোজাম্মেল হক ভূঁইয়ার ব্যাগে ৭ লিটার, মো. ইমামের ব্যাগে ৬ লিটার, বাবুল মিয়ার ব্যাগে ৬ লিটার, মো. নাফিজ সাদাতের ব্যাগে সাড়ে ৩ লিটার, আল আমিন শেখের ব্যাগে সাড়ে ৩ লিটার এবং সাদ্দাম হোসেনের ব্যাগ থেকে ৩ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়।
জব্দ করা সাড়ে ৩৮ লিটার মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক