শাহজালাল বিমানবন্দরে ৫ কোটি টাকার মোবাইলফোন জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকায় ১ হাজার ৬৫৫টি মোবাইলফোন জব্দ করা হয়েছে। জব্দ করা মোবাইলফোনগুলোর বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এয়ারকার্গো নথিতে চালানটির পণ্যের বিবরণ ‘নিট ফেব্রিক’ এবং অন্য একটি নোটে ‘পি কভার জি রোল সিআরটি’ উল্লেখ করা ছিল। চালানটি পরীক্ষা করে কাপড়ের রোলের মধ্যে লুকানো অবস্থায় ১ হাজার ৬৫৫টি মোবাইলফোন পাওয়া যায়।
জব্দ করা মোবাইলফোনের মধ্যে ৪৫০টি রেডমি ১৪সি, ১৫০টি রেডমি ১৫সি এবং পুরোনো আইফোন ও বিভিন্ন চীনা ব্র্যান্ডের আরও ১ হাজার ৫৫টি মোবাইলফোন রয়েছে।
এয়ার কার্গো সিস্টেমের তথ্য অনুযায়ী, চালানটির মাস্টার এয়ার ওয়েবিল (এমএডব্লিউবি) এবং হাউস এয়ার ওয়েবিল (এইচএডব্লিউবি) রয়েছে। চালানটির আমদানিকারক থিয়ানিস অ্যাপারেলস লিমিটেড।
নথি অনুযায়ী, চালানটির ওজন প্রায় ৮৯৫ কেজি এবং প্যাকেজের সংখ্যা ২০টি। চালানটি হংকং থেকে ঢাকায় আনা হয়।
সিস্টেমের তথ্যে দেখা যায়, চালানটি গত ৩১ আগস্ট ঢাকায় পৌঁছায়। হাউস এয়ার ওয়েবিলে (এইচএডব্লিউবি) শিপার হিসেবে ঝেজিয়াং শাওশিং সিনহুয়া নিটিং কোম্পানি এবং মাস্টার এয়ার ওয়েবিলে (এমএডব্লিউবি) জ্যানকো গ্লোবাল লজিস্টিকস লিমিটেডের নাম রয়েছে। ফ্রেইট ফরোয়ার্ডার হিসেবে এফ এফ কার্গো সার্ভিসের তথ্যও পাওয়া গেছে।
কর্তৃপক্ষের প্রাথমিক তথ্যমতে, ঘোষিত পণ্যের সঙ্গে বাস্তবে পাওয়া পণ্যের বড় ধরনের অসংগতি রয়েছে। ফলে চালানটিতে পণ্য গোপন করে শুল্ক-কর ফাঁকির চেষ্টা করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
জব্দ করা মোবাইলফোনগুলোর সঠিক বাজারমূল্য, মডেল ও আইএমইআই নম্বর শনাক্ত এবং প্রযোজ্য শুল্ক-কর নির্ধারণের পর চালানটির আর্থিক মূল্য ও সম্ভাব্য রাজস্ব ক্ষতির পরিমাণ স্পষ্ট হবে।

নিজস্ব প্রতিবেদক