যাত্রীদের লাগেজে বিদেশি সিগারেট, ভেপসহ মোবাইলফোনের ডিসপ্লে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই-মালয়েশিয়া-গুয়াংজু এই তিন রুটের যাত্রীদের লাগেজে থেকে ২২৩ কার্টন বিদেশি সিগারেট, ৪৪ পিস ভেপসহ ১৪৪ পিস মোবাইলফোন ডিসপ্লে জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ পণ্যের মূল্য প্রায় ১৭ লাখ ৪৫ হাজার টাকা।
আজ সোমবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন এ বিষয়টি জানিয়েছেন।
আল আমিন শেখ জানান, গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল এয়ারপোর্টের বি-শিফট বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইটে আগত সন্দেহভাজন যাত্রীদের ওপর বিশেষ নজরদারি গ্রহণ করে। দুবাই থেকে আগত এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রী আবদুল করিম গ্রিন চ্যানেল অতিক্রমকালে তার ব্যাগ সন্দেহজনক হওয়ায় তল্লাশি ও ইনভেন্টরি করা হয়।
এ সময় তার ব্যাগ থেকে ২২৩ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। একইদিনে মালয়েশিয়া থেকে আগত এয়ারএশিয়ার একটি ফ্লাইটের যাত্রী শিপনের ব্যাগ তল্লাশি করে ৪৪ পিস ভেপ জব্দ করেন কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা।
অন্যদিকে গুয়াংজু থেকে আগত ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস৩২৬ ফ্লাইটের যাত্রী কেএম তোফায়েল আহমেদের কাছ থেকে ৯৮ পিস মোবাইল ডিসপ্লে এবং একই ফ্লাইটের যাত্রী শামিমা আকতারের কাছ থেকে আরও ৪৬ পিস মোবাইলফোন ডিসপ্লে জব্দ করা হয়। ফলে ওই দুই যাত্রীর কাছ থেকে মোট ১৪৪ পিস মোবাইলফোন ডিসপ্লে জব্দ করা হয়।
একদিনে সব মিলিয়ে দুবাই, মালয়েশিয়া ও গুয়াংজু থেকে আগত তিনটি আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ থেকে ২২৩ কার্টন সিগারেট, ৪৪ পিস ভেপ ও ১৪৪ পিস মোবাইলফোন ডিসপ্লে জব্দ করা হয়েছে। এসব পণ্যের মোট আনুমানিক মূল্য ১৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা। একইদিনে বিভিন্ন আন্তর্জাতিক রুটে এ ধরনের পণ্য বহনের ঘটনাগুলোকে গুরুত্বের সঙ্গে দেখছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এসব ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না, যাত্রীদের বাহক হিসেবে ব্যবহার করা হচ্ছে কি না এবং এর নেপথ্যে কারা জড়িত—সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে।

নিজস্ব প্রতিবেদক