পার্টস আমদানির নামে পুরাতন ইঞ্জিনসহ বিযুক্ত গাড়ির চালান
জাপান থেকে আমদানিকৃত একটি চালানের খালাস প্রক্রিয়া স্থগিত করেছে শুল্ক গোয়েন্দা ও কাস্টমস হাউস (আইসিডি)। চালনটিতে ১৯টি পুরাতন ইঞ্জিন, পুরাতন পার্টসসহ দুটি গাড়ি বিযুক্ত অবস্থায় পাওয়া গেছে। এতে বিপুল শুল্ক ফাঁকির ঝুঁকি রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।
আল আমিন শেখ জানান, গত ৩০ জুলাই জাপান থেকে আমদানিকৃত পুরাতন মোটর পার্টস ও ইঞ্জিন ঘোষণায় পণ্য চালানটি গত ১ সেপ্টেম্বর লক করে শুল্ক গোয়েন্দা ও কাস্টমস হাউস। পণ্য চালানটির আমদানিকারক চট্টগ্রামের মৈত্রী অটোমোবাইল। সিঅ্যান্ডএফ এজেন্ট হলো ঢাকার খিলক্ষেতের জে পি এক্সপ্রেস লিমিটেড।
আল আমিন শেখ আরও জানান, গতকাল মঙ্গলবার পণ্য চালানটি জোরপূর্বক নামানোর চেষ্টা করা হয়। দুই দিনব্যাপী পরীক্ষা শেষে ১৯টি পুরাতন ইঞ্জিন, বিভিন্ন ধরনের পুরাতন পার্টস এবং দুটি গাড়ি বিযুক্ত অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে পরীক্ষণ রিপোর্ট তৈরি এবং পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পণ্য চালানটিতে বিপুল রাজস্ব ফাঁকির ঝুঁকি রয়েছে।
এনবিআর চেয়ারম্যানের নির্দেশনায় এবং শুল্ক গোয়েন্দার মহাপরিচালকের সহযোগিতায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিজস্ব প্রতিবেদক