৬ দিনে প্রবাসীরা পাঠালেন ৭ হাজার ৭৪৯ কোটি টাকা
চলতি বছরের অক্টোবর মাসের প্রথম ছয় দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৬৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় সাত হাজার ৭৪৯ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।
আজ বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মুখপাত্র আরিফ হোসেন জানান, গত মঙ্গলবার প্রবাসী আয় এসেছে এক হাজার ৬৩৫ কোটি ৯০ লাখ টাকা। গত বছরের অক্টোবর মাসের প্রথম ছয় দিনে রেমিট্যান্স এসেছিল ৫৫ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ১০ শতাংশ।
চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৯২২ কোটি ১০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৮১৩ কোটি ৭০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৩০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক