ঢাবির স্নাতক ও স্নাতকোত্তরের ফাইনাল পরীক্ষা ২৬ ডিসেম্বর
স্নাতক ও স্নাতকোত্তর শেষবর্ষের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৬ ডিসেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা শুরু হবে। গতকাল বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ভার্চুয়ালি অনুষ্ঠিত ওই সভায় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকসহ একাডেমিক কাউন্সিলের সদস্যরা সংযুক্ত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অগ্রাধিকার ভিত্তিতে স্নাতক শেষবর্ষ ও স্নাতকোত্তরের পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আগামী ২৬ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগ বা ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট পরীক্ষার সময়সূচি জানতে পারবেন। শিক্ষার্থীদের সুবিধার্থে প্রয়োজনে তুলনামূলক কম বিরতিতে বা একইদিনে দুটি পরীক্ষা হবে। পরীক্ষার সময়কাল হবে বিদ্যমান নির্ধারিত সময়ের অর্ধেক। একইভাবে ল্যাবকেন্দ্রিক ব্যবহারিক পরীক্ষাগুলোও নেওয়া হবে।’
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ‘বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের আবাসিক সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না বিধায় সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউট নিজ নিজ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ ও উপস্থিতি নিশ্চিত করে বিভিন্ন পরীক্ষা নেবে। শিক্ষার্থীদের ইনকোর্স, মিডটার্ম ও টিউটোরিয়াল পরীক্ষা অনলাইনে অ্যাসাইনমেন্ট, মৌখিক ও টেকহোম পদ্ধতিতে নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা