ঢাবি ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, গভীর রাতে ছাত্রলীগের বিক্ষোভ
রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের প্রতিবাদে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিলটি শুরু হয়। সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশও করেন নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন।
এর আগে রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে কুর্মিটোলায় ঢাবি ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার প্রতিবাদে রাতেই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।
বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসাধারণ সম্পাদক (এজিএস) ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ছাত্রলীগের কর্মসূচির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ডাকসুর নেতৃবৃন্দ প্রতিবাদ করবেন এবং পরবর্তীতে ডাকসুর পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হবে।
সাদ্দাম হোসেন আরো বলেন, ‘এ ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার জেগে থাকবে। ধর্ষণকারীকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। ধর্ষিতার ছবি ও নাম প্রকাশ না করার আবেদন জানিয়ে ধর্ষকের ছবি প্রকাশ করার জন্য আমাদের সবার পদক্ষেপ নিতে হবে।’
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বান্ধবীর বাড়ি যাওয়ার পথে গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের শিকার হন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতেলে চিকিৎসাধীন আছেন। ওই ছাত্রীকে দেখতে গতকাল রাতে হাসপাতালে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, প্রক্টর ড. একেএম গোলাম রব্বানীসহ কয়েকজন শিক্ষক।
ওই ছাত্রীর সহপাঠীরা জানান, তিনি ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং রোকেয়া হলে থাকেন। গতকাল ক্লাস শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে চড়ে শ্যাওড়ায় এক বান্ধবীর বাসায় যাচ্ছিলেন ওই শিক্ষার্থী। ভুল করে এর আগের বাসস্টপ কুর্মিটোলা বাসস্ট্যান্ডে নেমে পড়েন তিনি। ওই সময় ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার একপর্যায়ে হঠাৎ করে অজ্ঞাত এক ব্যক্তি পেছন থেকে তাঁর মুখ চেপে ধরে। এরপর তাঁর সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। পরে তাঁকে পাশের একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। ওই ছাত্রীকে শারীরিকভাবেও নির্যাতন করা হয় বলেও জানান তাঁরা।
পরে ভুক্তভোগী ওই ছাত্রী নিজেই শ্যাওড়ায় তাঁর বান্ধবীর বাসায় চলে যান। সেখান থেকে আরো সহপাঠীদের জানানোর পর তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খান জানান, ঢাবি ছাত্রীকে রাতেই হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক