জবি প্রেসক্লাবের সভাপতি মুসফিক, সাধারণ সম্পাদক লিমন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের মুসফিকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে আমার দেশ পত্রিকার লিমন ইসলাম নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) প্রধান নির্বাচন কমিশনার তাইফুর রহমান তমাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
তাইফুর রহমান তমাল বলেন, অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষ্যে ভোটের সার্বিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সভাপতি পদে মো. মুসফিকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে লিমন ইসলামকে নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বার্তা ২৪ এর সোহানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রাইজিং বিডির নাহিদ ইসলাম সম্রাট, সাংগঠনিক সম্পাদক দৈনিক রুপালী বাংলাদেশের সিয়াম আবু রাফি, অর্থ সম্পাদক দৈনিক আজকালের খবরের কামরুজ্জামান কায়েস।
এছাড়াও দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দ্য ঢাকা ডায়েরির মো. রোকুনুজ্জামান গোলাম রাব্বী, কার্যনির্বাহী সদস্য দ্য স্টুডেন্ট জার্নালের রাকিব খান ও দৈনিক খবর বেলার রাকিব মাজহার নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক লিমন ইসলাম বলেন, সহকর্মীরা আমাদের ওপর যে আস্থা রেখেছেন, সেটি বড় দায়িত্ব। আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, নতুন সদস্যদের সহযোগিতা করা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করবো।
নবনির্বাচিত সভাপতি মুসফিকুর রহমান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের প্রতীক। সকলকে সঙ্গে নিয়ে স্বচ্ছ, গতিশীল ও কার্যকর প্রেসক্লাব গড়ে তুলতে কাজ করবো। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি ও ক্যাম্পাসের ইতিবাচক সংবাদ তুলে ধরতে আমরা গুরুত্ব দেব।
এর আগে, ১৭ মে কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে সকল সদস্যদের পরামর্শ ও নির্বাচন সমন্বয়কের সুপারিশক্রমে জবি প্রেসক্লাবের উপদেষ্টা তাইফুর রহমান তমালকে প্রধান করে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। এরপর ১৮ মে নির্বাচন তফসিল ঘোষণা ও ১৯ মে মনোনয়নপত্র গ্রহণ এবং প্রত্যাহার কার্যক্রম সম্পন্ন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক