শাবিপ্রবি খুলে দেওয়ার দাবি, উপাচার্য অবরুদ্ধ
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বন্ধ হওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য ভবন অবরুদ্ধ করে রেখেছেন।
গতকাল বুধবার রাতভর শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে অবস্থান করেন। এতে কার্যালয়ের ভেতরে আটকে পড়েন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া ও তাঁর সহকর্মীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মাঝরাতে কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া। তিনি শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় এনে ২৪ ঘণ্টার মধ্যে আবারও সিন্ডিকেট বৈঠক আহ্বান করেন।
এ সময় আমিনুল হক ভূঁইয়া বলেন, ‘বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে। তোমরা তোমাদের আন্দোলন বন্ধ করো। তোমাদের দাবিটা বিবেচনা করা হবে।’
কিন্তু শিক্ষার্থীরা তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন।
বৃহস্পতিবার সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপাচার্য কার্যালয়ের সামনে শীত ও কুয়াশা উপেক্ষা করে আন্দোলকারী শিক্ষার্থীরা একই স্থানে অবস্থান করছেন। এ আন্দোলনে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এর আগে শাবিপ্রবির ছাত্রী হল দুটি থেকে শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
শাবি খুলে দেওয়ার দাবিতে বুধবার দুপুর ১২টা থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে করে উপাচার্য আমিনুল হক ভূঁইয়া সারা রাত অবরুদ্ধ থাকেন।
এ সময় তাঁরা উপাচার্য ভবনের বিদ্যুৎ সংযোগও কয়েক দফা বিচ্ছিন্ন করে দেন বলে জানান ভারপ্রাপ্ত প্রক্টর মুন্সী নাসের ইবনে আফজাল। তবে রাত ১২টার পর থেকে আবার বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করে দেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত মঙ্গলবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরান খানের সমর্থকদের সহসভাপতি আবু সাঈদ আকন্দ, অঞ্জন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের সমর্থকরা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকা থেকে ধাওয়া দেয়। এতে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জেরে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

শাবিপ্রবি সংবাদদাতা