জাবিতে পাখিমেলা অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগ ও ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পাখিমেলা।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের।
মেলায় উপস্থিত ছিলেন আরণ্যক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ফরিদ উদ্দিন আহমেদ, আইইউসিএনের বাংলাদেশ প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহমেদ, বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক, বাংলাদেশ বন বিভাগের সিএফ অসিত রঞ্জন পাল, ডব্লিউআরসির প্রতিষ্ঠাতা মো. মোস্তফা ফিরোজ, অধ্যাপক সাজেদা বেগম ও মেলার আহ্বায়ক অধ্যাপক মো. কামরুল হাসান।
মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল আন্তবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, পাখির আলোকচিত্র প্রদর্শনী, শিশু-কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, টেলিস্কোপে শিশু-কিশোরদের পাখি পর্যবেক্ষণ ও পাখিবিষয়ক কুইজ প্রতিযোগিতা। সব শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মেলায় দেশে নতুন প্রজাতির পাখি শনাক্ত করায় ‘বিগবার্ড অ্যাওয়ার্ড’ পান মিজানুর রহমান মিঠু, সালাহ উদ্দিন জাহিদ ও নাজমুল হুসাইন নিশাদ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০০১ সাল থেকে ধারাবাহিকভাবে জাবিতে অনুষ্ঠিত হয়ে আসছে ব্যতিক্রমী এই মেলা।

জাবি সংবাদদাতা