নিখোঁজ বাবার সন্ধান চান জবি শিক্ষার্থী তৈমুর
রাজধানীর ফার্মগেট এলাকার পশ্চিম তেজতুরী বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মোবারক হোসেন (৬৯) নামে এক বৃদ্ধ গত শনিবার (৬ জুন) সকাল ১০টার দিকে নিখোঁজ হয়েছেন। পরিবারের দাবি, গত চার দিন ধরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ মোবারক হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তৈমুর খান মবিনের বাবা।
পারিবারিক সূত্রে জানা গেছে, বয়সজনিত কারণে মোবারক হোসেনের মস্তিষ্কে কিছুটা সমস্যা রয়েছে এবং এই বিষয়ে তাঁর চিকিৎসাও চলছিল। তিনি নিয়মিত নামাজের জন্য মসজিদে যেতেন এবং সবসময় নিজের সঙ্গে একটি মোবাইল ফোন রাখতেন। তবে গত শনিবার দুপুর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় ও কোনো যোগাযোগ করতে না পেরে পরিবারের পক্ষ থেকে তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমাদের থানায় একটি হারানো ডায়েরি করা হয়েছে। আমরা বিষয়টি আমাদের হেডকোয়ার্টার এবং বিভিন্ন মিডিয়ায় অবগতির জন্য জানিয়েছি। নিখোঁজ বৃদ্ধের ব্যবহৃত মোবাইল ফোনের অবস্থান (ট্রেকিং) শনাক্ত করার মাধ্যমে তাঁকে খুঁজে বের করার জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
নিখোঁজের সময় মোবারক হোসেনের পরনে ছিল হালকা লেমন (লেবু) রঙের পাঞ্জাবি এবং পায়ে কালো জুতা। তার মুখে সাদা দাড়ি রয়েছে, উচ্চতা মাঝারি, শারীরিক গঠন কিছুটা স্বাস্থ্যবান এবং মুখে অল্পসংখ্যক দাঁত রয়েছে।
কোনো সহৃদয় ব্যক্তি যদি ওনার সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য জেনে থাকেন, তবে অনুগ্রহ করে নিখোঁজের সন্তান ও জবি শিক্ষার্থী তৈমুর খান মবিনের সঙ্গে ০১৭৩৮৪৮২৩৭১ এই মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে তার পরিবার।

নিজস্ব প্রতিবেদক