ঢাবিতে ককটেল বিস্ফোরণ : এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্ত কমিটি গঠন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রায়হান খানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ইউনিভার্সিটি অর্ডিন্যান্সেস অ্যান্ড রেগুলেশনসের চ্যাপ্টার ১১-এর ধারা ৫(২) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছেন।
ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাংকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন অধ্যাপক ড. এনামুল হক সজীব, অধ্যাপক ড. শান্টু বড়ুয়া, ড. আলী মোহাম্মদ কাওসার এবং মো. আমজাদ হোসেন।
কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সাময়িক বহিষ্কৃত মো. রায়হান খান বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি পৌরসভার সবুজবাগ এলাকায়।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)