জামিন মেলেনি ঢাবির শিক্ষক জামাল উদ্দীনের
রাজধানীর পল্টন থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনের জামিন নাকচ করে দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন। এর আগে, বুধবার সকালে গুলিস্তান জিরো পয়েন্টে ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা-২০২৬’ নামে একটি কর্মসূচি পালনের সময় তাকে পল্টন থানার পুলিশ আটক করে। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি নীল দলের শিক্ষক হিসেবে পরিচিত জামাল উদ্দীন গত ডিসেম্বরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেনস্তার শিকার হন।
জাতীয় নির্বাচনের পর গত ১৫ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বরে ‘গণকান্না’ কর্মসূচি পালন করতে গিয়ে বাধার মুখে পড়েন তিনি। সর্বশেষ ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা করে বুধবার ভোরে জিরো পয়েন্ট এলাকায় গেলে সেখান থেকে তাকে পুলিশ আটক করে। পরে তার বিরুদ্ধে পল্টন মডেল থানার এসআই রাফি আহমেদ সরকার ও রাষ্ট্রবিরোধী মিছিলে অংশগ্রহণ, রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করা এবং রাষ্ট্রের সম্পত্তি বিনষ্টের অভিযোগে মামলাটি দায়ের করেন।

আদালত প্রতিবেদক