অতিথি পাখি সংরক্ষণে উল্টো পথে জাবি রেজিস্ট্রার!
অতিথি পাখির ক্যাম্পাস হিসেবে পরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রেজিস্ট্রার পাখি সংরক্ষণের বিষয়ে বলেছেন উল্টো কথা!
লেকের পাশ দিয়ে ঢোল বাজানো, পটকা ফোটানো, জোরে শব্দ করায় পাখিরা উত্ত্যক্ত বোধ করছে এবং এ কারণে এ বছর ক্যাম্পাসে পাখি আসা কমে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে এসব বিষয়ে নিষেধাজ্ঞা সংবলিত বিলবোর্ড বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে টাঙানোও আছে লেকের পাড়গুলোতে।
কিন্তু বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক তা মানতে রাজি নন। তাঁর মতে, বাদ্য-বাজনায় কোনো সমস্যা হচ্ছে না। রেজিস্ট্রারের এমন কথায় বিস্মিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ ও পাখি বিশেষজ্ঞরা।
সাম্প্রতিককালে প্রায়ই ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন বিভাগ, ব্যাচ, হল, অ্যালামনাই, সংগঠনের আনন্দ শোভাযাত্রা। বেশির ভাগ শোভাযাত্রাই ব্যান্ড বাজিয়েই অতিক্রম করতে দেখা যায় লেকসংলগ্ন রাস্তাগুলো। নিষেধাজ্ঞা থাকলেও শিক্ষার্থীরা যেমন এটি মানছেন না তেমনি প্রশাসনকেও এতে বাধা দিতে দেখা যায় না।
আজ রোববার দুপুরে বাদ্য-বাজনাসহ অর্থনীতি বিভাগের একটি ব্যাচের শোভাযাত্রা অনুষ্ঠিত হয় ক্যাম্পাসে। শোভাযাত্রাটি বাদ্য-বাজনা বন্ধ না করেই রেজিস্ট্রার ভবনের সামনে দিয়ে বসবাসরত লেকগুলো অতিক্রম করে।
এ বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, ‘এটা (লেকের পাড়ে বাদ্য বাজানো) তো প্রচলিত আছে, এটাতে অসুবিধা নেই, এটা করুক।’
এতে পাখিদের অসুবিধা হয় কি না, আবারও জানতে চাইলে রেজিস্ট্রার বলেন, ‘না, এটাতে খুব একটা সমস্যা হয় না।’
পাখি সংরক্ষরণের বিষয়ে রেজিস্ট্রারের এমন বক্তব্যের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, ‘ঢোল-বাদ্যে পাখিদের অবশ্যই ক্ষতি হয়। এটা বোঝার জন্য কোনো বিশেষজ্ঞের প্রয়োজন হয় না। যদি ক্ষতি না-ই হয় তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিলবোর্ড টাঙাল কেন?’
বিশ্ববিদ্যালয়ের আরেক পাখি বিশেষজ্ঞ অধ্যাপক মোস্তফা ফিরোজ বলেন, ‘শব্দ হলে পাখিরা উড়ে চলে যায়। ডিস্টার্বেন্স হয় বলেই তো পাখিগুলো বসে না ওখানে আর।’
শিক্ষক ও শিক্ষার্থীদের দাবি, সাম্প্রতিক সময়ে পাখিদের আগের তুলনায় অনেক বেশি উত্ত্যক্ত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পাখি বিশেষজ্ঞরা জানান, এ কারণে এ বছর বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে অন্যান্য বছরের তুলনায় পাখি অনেক কম এসেছে।
এ ব্যাপারে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশনকেও বলেছি, কোনো অবস্থাতেই শোভাযাত্রা শহীদ মিনার অতিক্রম করতে পারবে না।’

জাবি সংবাদদাতা