জালিয়াতিতে জোড়া বহিষ্কার, নকলে গেল ছাত্রত্ব
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়য়ে ২০১৬-১৭ শিক্ষবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও বিভাগের পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তিন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বিষয়টি জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪২তম ব্যাচের ছাত্র ও আ ফ ম কামাল উদ্দিন হল শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক এস এম শরীফ আহমেদকে সাময়িক বহিষ্কার করা হয়। এ ছাড়া গণিত বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মী নাজমুল হুদাকেও একই শাস্তি দেওয়া হয়। আর বিভাগের চূড়ান্ত পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় নৃবিজ্ঞান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মো. জাহিদুল ইসলামের ছাত্রত্ব বাতিল করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক জানান, বহিষ্কৃতরা কোনো ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারবে না। আবাসিক হলেও থাকতে পারবে না। এ বিষয়ে হল প্রশাসন, বিভাগ ও পরীক্ষা অফিসকে সজাগ থাকার তাগিদ দেওয়া হয়েছে।

জাহিদুর রহমান