দুর্বৃত্তদের মারপিটে ঢাবি শিক্ষার্থী আহত
রাজধানীতে দুর্বৃত্তদের মারধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে সায়েন্স ল্যাবরেটরির সামনে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম ওবাইদুল হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষার্থী ওবাইদুল বলেন, ‘টিউশনি শেষে লেগুনায় করে হলে ফিরছিলাম। এ সময় লেগুনাতে থাকা কয়েকজন তরুণের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ওই তরুণরা তাঁর গায়ে হাত তোলে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পরিচয় দিলে তারা মারধর শুরু করে। ওই তরুণরা নিজেদের ঢাকা কলেজের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেয়। তারা আমার কাছে থাকা স্মার্টফোন, মানিব্যাগ ও বইয়ের ব্যাগ ছিনিয়ে নেয়। তবে তাদের পরিচয় জানতে পারিনি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ হোসেন বলেন, ঘটনাটি কারা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হবে। এ ছাড়া ঢাকা কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি সমাধানের জন্য জানানো হবে।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা