‘সন্তান হত্যার শিকার হচ্ছে সেটাও পরিবার জানতে পারছে না’
নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, একটি পরিবারের সন্তান কখন বাইরে যাচ্ছে, কখন কোথায় হত্যার শিকার হচ্ছে তাও পরিবার জানতে পারছে না। এ জন্য পরিবারকে সচেতন হতে হবে, ধর্মীয় অপব্যাখ্যা ও মাদকাসক্তি থেকে বিরত রাখতে হবে।
আজ শুক্রবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন কবিতা খানম। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কবিতা খানম আরো বলেন, ‘আমরা আজ অনেক প্রতিবন্ধকতার মধ্যে রয়েছি। ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে সন্তানদের মায়ের বুক থেকে কেড়ে নেওয়া হচ্ছে। তাদের বিপদের মুখে ফেলে দেওয়া হচ্ছে।’ এ সময় তিনি নতুন প্রজন্মকে সঠিক পথে ফিরিয়ে আনতে সামাজিক মাধ্যমসহ সব গণমাধ্যমকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সমাজকর্ম বিভাগের অধ্যাপক শাহীদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় দিনব্যাপী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফয়জার রহমান।
স্বাগত বক্তব্য দেন সমাজকর্ম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক ছাদেকুল আরেফিন। শুভেচ্ছা বক্তব্য দেন রাজশাহীর ওয়াসার সচিব মো. সাদেকুল ইসলাম সৈকত, রাজশাহীর ইউসিবিএলের জেনারেল হেড মো. সেলিম রেজা খান, সমাজকর্ম বিভাগের অধ্যাপক আশরাফুজ্জামান হোসেন, সমাজসেবা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত ডিডি মোজাম্মেল হোসেন।
বিকেলে খসড়া গঠনতন্ত্র পাস ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি গঠন এবং সন্ধ্যায় কাজী নজরুল ইমলাম মিলনায়তনে সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।

রাবি সংবাদদাতা