কড়া নিরাপত্তায় মঙ্গল শোভাযাত্রা, আইন ভাঙলে ব্যবস্থা
আগামীকাল পয়লা বৈশাখ। ব্যাপক নিরাপত্তা আর বিধিনিষেধের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপন করা হবে নববর্ষ। এ উদযাপনে কোনো ধরনের অসংগতি বা বিধিনিষেধ অমান্য করলেই আইনি ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এনটিভি অনলাইনকে এসব তথ্য দিয়েছেন। তিনি বলেন, ‘মঙ্গল শোভাযাত্রা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাজুড়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
জানা যায়, আগামীকাল শুক্রবার সকাল ৯টায় শুরু হবে মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভেতর থেকে শুরু হবে শোভাযাত্রা। এ সময় শোভাযাত্রার পেছনে ও সামনে থাকবে ঢাকা মহানগর পুলিশের স্পেশাল উইপনস অ্যান্ট ট্যাকটিকস (সোয়াট) ইউনিট। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত থাকবে। এর ভেতরে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা মুখোশ পরে কেউ অংশ নিতে পারবে না।
আজ বৃহস্পতিবার সরেজমিন জমিন ঘুরে দেখা যায় যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে সিসিটিভি এবং ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। বিভিন্ন স্থানে পুলিশের কড়া নজরদারির মধ্যে আছে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
এদিকে নববর্ষ উদযাপন যেন সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পন্ন হয় সেদিকে নজর দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড এ এম আমজাদকে আহ্বায়ক ও সহকারী প্রক্টর অধ্যাপক মো ফজলুর রহমানকে সদস্য সচিব করে ৩৯ সদস্য বিশিষ্ট শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে।
নিরাপত্তার সার্বিক বিষয় সম্পর্কে জানতে চাইলে শৃঙ্খলা কমিটির আহবায়ক ড. এ এম আমজাদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে সব ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। শোভাযাত্রার দিন বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে আর্চওয়ে থাকবে। সবাইকে তল্লাশি করে ভেতরে ঢুকতে দেওয়া হবে। এ ছাড়া বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ক্যাম্পাসের মধ্যে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।’

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা