চাঁদা আদায়, রাবির দুই ছাত্রলীগ নেতাকর্মী বহিষ্কার
শিক্ষার্থীকে মারধর করে চাঁদা নেওয়ার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের দুই নেতাকর্মীকে বহিষ্কার করেছে সংগঠনটি। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে তাঁদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক জাকারিয়া জামান জ্যাক ও কর্মী অনিক মাহমুদ বনি।
বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুনকে মারধর করে চাঁদা নেয় ওই দুই নেতাকর্মী।
ভুক্তভোগী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আজ সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে আমাকে দুজন তুলে নিয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা ফজলুল হক হলের ২০১ নম্বর কক্ষে নিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। আমার কাছে টাকা নেই, এ কথা জানার পর তাঁরা রড ও হকিস্টিক দিয়ে আমাকে মারধর করেন। এমন পরিস্থিতিতে বাবার কাছ থেকে আমার বিকাশ অ্যাকাউন্টে ছয় হাজার টাকা নেই।’
ওই শিক্ষার্থী আরো বলেন, ‘ফোনে টাকা আসার পর ওই দুজন আমাকে হল থেকে বের করে নিয়ে যান। বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজারে গিয়ে ছয় হাজার টাকা ক্যাশ আউট করে নেন। এর দুই দিন আগে আমার কাছে পাঁচ হাজার টাকা দাবি করেছিলেন তাঁরা। পরে বন্ধুবান্ধবের কাছ থেকে ধারদেনা করে এক হাজার ৭০০ টাকা দিয়েছি।’
বহিষ্কৃত অনিক মাহমুদ বনি, বলেন, ‘শিক্ষার্থীর থেকে চাঁদা নেওয়ার বিষয়ে আমি কিছু জানি না। আর আমাকে বহিষ্কারের বিষয়েও সংগঠনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘বনি ও জ্যাকের বিরুদ্ধে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ পাই। পরে ভুক্তভোগীর সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ কারণে ছাত্রলীগের ওই দুজনকে বিশ্ববিদ্যালয় সংগঠন থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

রাবি সংবাদদাতা