চাকসু নেতার ওপর হামলা, আটক ১
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহর ওপর হামলার খবর পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে হাটহাজারী থেকে মোটরসাইকেলে তেল নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসার পথে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও চাকসু নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে মাসুম বিল্লাহ তাঁর মোটরসাইকেলের জন্য জ্বালানি তেল নিতে হাটহাজারীর ওই ফিলিং স্টেশনে যান। সেখানে জ্বালানি তেল নেওয়ার সময় হঠাৎ কয়েকজন যুবক এসে তাঁকে মারধর শুরু করে। গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত মাসুম বিল্লাহ বলেন, ৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে হাটহাজারীর এক ব্যক্তির মোটরসাইকেলের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মনিরুজ্জামান রাজ গুরুতর আহত হন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, পুলিশ ও চাকসু প্রতিনিধিদের উপস্থিতিতে একটি সমঝোতা বৈঠক হয়, যেখানে তিনিও ছিলেন। বৈঠকে হাটহাজারীর ওই ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। ক্ষতিপূরণ আদায়ে শিক্ষার্থীকে সহায়তা করার জেরেই মূলত তাঁর ওপর হামলা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া বলেন, তেল নিতে গিয়ে মাসুম বিল্লাহ ওপর অজ্ঞাত ব্যক্তিদের হামলার ঘটনায় আমরা নিন্দা জানাই। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর ইফাজ বলেন, মাসুম বিল্লাহর চোখের ওপরে গভীর ক্ষতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় গুরুতর আঘাত থাকায় সিটি স্ক্যানের প্রয়োজন। তাই প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ঘটনাটি খতিয়ে দেখতে একজনকে মেডিকেলে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে।
হাটহাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গতকালের ঘটনায় মুন্না নামে একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইন আনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)