এমপির গাড়িতে হামলা : রায়গঞ্জ প্রেসক্লাবের সম্পাদকসহ গ্রেপ্তার ২
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদীরসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার (১৬ আগস্ট) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান। মামলার এজাহারনামীয় আসামি গোলাম মুক্তাদীরকে (যিনি পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। অপরদিকে ধানগড়া এলাকা থেকে মামলার অপর আসামি আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনার সূত্রে জানা যায়, রায়গঞ্জে নতুন অনুমোদিত একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) নির্মাণের স্থান নির্ধারণ নিয়ে শনিবার (১৫ আগস্ট) পৌর বিএনপি আয়োজিত এক সভায় বিশৃঙ্খলা তৈরি হয়। সভায় সংসদ সদস্য ভিপি আয়নুল হক স্থান নির্বাচনের জন্য কমিটি গঠনের প্রস্তাব দিয়ে প্রস্থানকালে তার গাড়িতে আচমকা হামলা চালানো হয়। ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় জামায়াত ও এনসিপিকে দায়ী করে বিএনপি।
তবে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে তারা নিজেরাই নিজেদের গাড়ি ভাঙচুর করে এর দায় জামায়াতে ইসলামীর ওপর চাপানোর চেষ্টা করছে। এ ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পৃক্ততা নেই। আমরা এ ধরনের নোংরা রাজনীতির সঙ্গে জড়িত নই। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।
হামলার ঘটনায় শনিবার রাতে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি শামীমুল হাসান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করে মামলা করেন।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ