ঢাবিতে ছাত্রফ্রন্টকর্মীকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলের নিয়ম না মানার অভিযোগ এনে ছাত্রফ্রন্টের এক কর্মীকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এ ঘটনা ঘটে।
ছাত্রলীগের দাবি, হলের নিয়ম মেনে না চলায় তাঁকে বের করে দেওয়া হয়েছে। তবে ওই শিক্ষার্থী অভিযোগ করেছেন, ছাত্রফ্রন্টকে সমর্থন করায় তাঁকে হল থেকে বের করে দেওয়া হয়েছে।
ওই শিক্ষার্থীর নাম সোহাইল ইসলাম শুভ। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
শুভ এনটিভি অনলাইনকে বলেন, ‘রাত ১২টার দিকে হলের ছাত্রলীগের সিনিয়র ভাইরা ছাত্রফ্রন্ট করার অভিযোগ এনে আমাকে হল থেকে বের করে দিয়েছে।’ হলের নিয়মাদি না মানার মতো তেমন কিছু তিনি করেননি বলে দাবি করেন।
এ বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আল আমিন বলেন, ছাত্রফ্রন্ট করার জন্য নয়, হলের নিয়মাদি মেনে না চলার কারণে তাঁকে হল থেকে বের করে দেওয়া হয়েছে। তিনি বলেন, হলে থাকতে হলে সবাইকে নিয়ম মেনে চলতে হয়। তাঁর সমস্যা ছিল।
শুভ ছাত্রফ্রন্টের কর্মী বলে নিশ্চিত করেছেন ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ইমরান হাবিব রুমন। তিনি বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। আর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনকে জানিয়েছি। তাঁরা বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।’
এ বিষয়ে বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মুফিজুর রহমান বলেন, ‘আমি বিষয়টি জানি না। হলে গিয়ে খোঁজ নেব।’

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা