উপাচার্য এলেন, গেলেন রেজিস্ট্রার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপাচার্য দায়িত্ব গ্রহণের ১৫ ঘণ্টার মাথায় পদত্যাগ করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক।
আজ সোমবার সকাল ৯টার দিকে এন্তাজুল হক পদত্যাগ করেন বলে রেজিস্ট্রার ও উপাচার্য দপ্তর নিশ্চিত করেছে।
গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয় অধ্যাপক এম আবদুস সোবহানকে উপাচার্য উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করে। পরে সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্যের কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক, প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেজিস্ট্রার দপ্তরের সহকারী রেজিস্ট্রার মো. মোকলেছুর রহমান বলেন, আজ সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন রেজিস্ট্রার।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুস সোবহানকে ফোন করা হলে তিনি ব্যস্ততার কথা বলে সংযোগ বিচ্ছিন্ন করেন। তবে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানিয়েছে উপাচার্য দপ্তর। উপাচার্য ও রেজিস্ট্রার দপ্তরের কেউই পদত্যাগের কারণ বলতে পারেনি।
এ বিষয়ে জানতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হককে একাধিকবার ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়।
এর আগে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত চার বছর এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন এম আবদুস সোবহান। এর পর ২০১৩ থেকে ২০১৭ সালের ১৯ মার্চ পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। টানা ৪৮ দিন এই পদ শূন্য থাকার পর গতকাল দ্বিতীয়বারের মতো আবদুস সোবহানকে নিয়োগ দেওয়া হয়। তবে এখনো উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদ শূন্য রয়েছে।

রাবি সংবাদদাতা