ক্যাম্পাসে ফেরা হলো না নাজমুলের
ঝিনাইদহ থেকে মোটরসাইকেলে ক্যাম্পাসে ফিরছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্র নাজমুল হাসান (২২)। তবে ক্যাম্পাসে ফেরা হলো না তাঁর। সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি।
আজ শুক্রবার বিকেল ৫টার দিকে ঝিনাইদহের জোড়াদহ এলাকায় মোটরসাইকেল-নছিমনের সংঘর্ষে নিহত হন নাজমুল।
২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র নাজমুলের বাড়ি কুড়িগ্রামের জেলার চর রাজীবপুর উপজেলার করাতিপাড়া গ্রামে। তাঁর বাবার নাম আদম আলী মুসল্লি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিকেল ৫টার দিকে নাজমুল ঝিনাইদহ থেকে মোটরসাইকেল ক্যাম্পাসে ফিরছিলেন। এ সময় জোড়াদহে মোটরসাইকেলের সঙ্গে নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত নাজমুলকে স্থানীয়রা কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, সড়ক দুর্ঘটনার খবরটি শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। মৃতের লাশ বাড়িতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ইবি সংবাদদাতা