‘পরিবেশ রক্ষায় বিশ্বনেতারা এগিয়ে আসুন’
পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস ভবনে ‘সাসটেইনেবল ম্যানেজমেন্ট অব মেরিন ইকোসিস্টেম অ্যান্ড অ্যাসিডিফিকেশন মনিটরিং’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এই আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগ এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মশালা শুরু হয়েছে।
উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, ‘বিশ্বের পরিবেশ আজ হুমকির মুখে। সে ক্ষেত্রে পরিবেশকে টিকিয়ে রাখতে হলে বিশ্বের সব নেতাকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে।’
উপাচার্য বলেন, ‘মানবিক অস্তিত্ব টিকিয়ে রাখতে অবশ্যই আমাদের পরিবেশ রক্ষা করতে হবে। তরুণ প্রজন্ম তথা সাধারণ মানুষের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। এ ক্ষেত্রে তৃণমূল পর্যায়ের তরুণ কর্মকর্তাদের মূল ভূমিকা পালন করতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আলমগীর। স্বাগত বক্তব্য দেন সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদ।
পরিবেশ অধিদপ্তরের ২৫ জন তরুণ কর্মকর্তা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা