দুর্ঘটনায় নিহত জাবি শিক্ষার্থীর পরিবারকে অর্থ, চাকরি
ধারাবাহিক আন্দোলন আর দাবির মুখে সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহযোগিতা ও স্বজনদের চাকরি দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।
আজ বুধবার দুপুরে উপাচার্য ড. ফারজানা ইসলাম তাঁর কার্যালয়ে নিহত শিক্ষার্থী নাজমুল হোসেন রানার পরিবারকে পাঁচ লাখ ও মেহেদী হাসান আরাফাতের পরিবারকে পাঁচ লাখ করে টাকা দেন।
এ ছাড়া নিহত দুই শিক্ষার্থীর পরিবার থেকে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী দুজনকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য ড. ফারজানা ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য আবুল হোসেন, রেজিস্ট্রার আবু বক্কর সিদ্দিক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আমির হোসেন।
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে রেজিস্ট্রার ভবন পর্যন্ত পদযাত্রা করেছে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ।
পরে এক সমাবেশে অবিলম্বে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানায় তারা। মামলা প্রত্যাহার না করলে ক্যাম্পাসে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।
গত ২৬ মে সাভারের সিএনবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বাসের চাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়। এর পর শিক্ষার্থীরা বাসচালককে গ্রেপ্তার ও নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়।

জাহিদুর রহমান