উচ্চস্বরে গান, ছাত্রের নাক ফাটালেন রুমমেট!
সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নিজের রুমমেটের নাক ফাটিয়ে দিয়েছেন এক ছাত্র।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের ২০০৪ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
মারধরে আহত ছাত্রের নাম রফিকুল হাসান রিফাত। তিনি বিশ্ববিদ্যালয়ের শিল্প উৎপাদন ও প্রকৌশল (আইপিই) বিভাগের ২০১১-১২ বর্ষে অধ্যয়ন করছেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মারধরকারী ছাত্রের নাম আনোয়ার হোসেন। তিনি রসায়ন বিভাগের ২০১০-১১ বর্ষের ছাত্র।
হলের কয়েকজন ছাত্র জানায়, উচ্চস্বরে গান বাজানোয় ঘুমের ব্যাঘাত ঘটনোর অভিযোগে আনোয়ার এ ঘটনা ঘটান।

এ বিষয়ে জানতে চাইলে সমাজকর্ম বিভাগের ছাত্র ও সৈয়দ মুজতবা আলী হলের বাসিন্দা আল আমিন বলেন, ‘চিৎকার শুনে আমরা ২০০৪ নম্বর কক্ষের সামনে গিয়ে দেখি দরজা ভেতরের দিকে তালা দেওয়া। ভেতরে চিৎকার চেঁচামেচি শুনে শিক্ষার্থীরা দরজা খুলতে অনুরোধ করে। পরে ধাক্কাধাক্কির পর হামলাকারী আনোয়ার দরজা খুলে দেন। এ সময় রিফাতের নাক দিয়ে রক্ত ঝরছিল। তাঁকে আহত অবস্থায় শিক্ষার্থীরা হাসপাতালে নিয়ে যায়।’
এ ঘটনায় জড়িত আনোয়ারের কঠোর শাস্তি ও আহত রিফাতের ক্ষতিপূরণ দাবি করে লিখিত অভিযোগ দিয়েছে মুজতবা আলী হলের বাসিন্দা শিক্ষার্থীরা।
জানতে চাইলে সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্যের বলেন, ‘আমি রংপুর বিশ্ববিদ্যালয়ে আছি। হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট শুভজিৎ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করে আপাতত বিষয়টা জেনে নিয়েছি। পরবর্তী সময়ে দেখা যাবে।’
ভারপ্রাপ্ত প্রভোস্ট শুভজিৎ চৌধুরী হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় হামলাকারী আনোয়ারকে হল ত্যাগের নির্দেশ দিয়েছি। এ ছাড়া ঘটনা তদন্তে কমিটি করার জন্যে উচ্চ পর্যায়ে চিঠি দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ার নামে ওই ছাত্রের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও বারবারই বন্ধ পাওয়া গেছে।

শাবিপ্রবি সংবাদদাতা