জবির জন্য কেরানীগঞ্জে ২০০ একর জমি নির্বাচন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সম্প্রসারণ করে হল ও একাডেমিক ভবনের সংকট সমাধানের লক্ষ্যে প্রায় ২০০ একর জমি নির্বাচন করা হয়েছে।
আজ শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিজানুর রহমান ও কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদসহ উচ্চপর্যায়ের দল কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নে পরিদর্শন করে বিশ্ববিদ্যালয়টির জন্য জমি পছন্দ করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী সুকুমার চন্দ্র সাহা এনটিভি অনলাইনকে জানান, গত মঙ্গলবার একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য কমপক্ষে দেড়শ একর জমি নির্বাচনের নির্দেশ দেন। এ কারণেই আজ উচ্চপর্যায়ের দলটি কেরানীগঞ্জ পরিদর্শন করে। এ সময় প্রায় ২০০ একর জমি পছন্দ করা হয়। এসব জমির ছবি ড্রোনের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে জানিয়ে সুকুমার চন্দ্র সাহা বলেন, ছবিগুলো প্রধানমন্ত্রীকে দেখানো হবে।
একনেকের ওই সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য অর্থ চেয়ে দেওয়া প্রকল্পের ফাইল প্রধানমন্ত্রী ফিরিয়ে দেন এবং বিচ্ছিন্ন নয়, বরং সমন্বিত প্রকল্পের মাধ্যমে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো সকল সুবিধা নিশ্চিত করে কেরানীগঞ্জে জমি নির্ধারণের জন্য স্থানীয় সংসদ সদস্যকে দায়িত্ব দেন।

জবি সংবাদদাতা