যৌন হয়রানি, শাবিপ্রবি থেকে ছাত্রলীগের ৪ কর্মী বহিষ্কার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক স্কুলছাত্রীকে যৌন হয়রানি ও দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় চার ছাত্রলীগকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতিকে এ বিষয়ের জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। তবে ওই ঘটনার পরই বিশ্ববিদ্যালয় শাখা কমিটিকে স্থগিত করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ২০৫তম সিন্ডিকেট সভায় শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন জানান, চার ছাত্রলীগকর্মীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বহিষ্কৃতরা হলেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান রুদ্র, পরিসংখ্যান বিভাগের মো. সাজ্জাদ হোসেন রিয়াদ, নৃবিজ্ঞান বিভাগের রাহাত সিদ্দিকী ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সুমন সরকার জনি। এর মধ্যে রাহাত ও সুমনকে বহিষ্কারের পাশাপাশি এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বহিষ্কৃতরা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের (বর্তমানে কমিটি স্থগিত) সাবেক সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের অনুসারী। তা ছাড়া ঘটনার সময় দায়িত্বশীল ভূমিকা পালন না করায় পার্থকে সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ৮ এপ্রিল এক স্কুলছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। ওই ঘটনার প্রতিবাদ করায় বহিষ্কৃতরা শাবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডেইলি অবজারভারের সাংবাদিক সরদার আব্বাস আলী এবং সহসভাপতি ও দৈনিক সকালের খবরের সাংবাদিক সৈয়দ নবীউল আলম দিপুকে মারধর করেন।
শাবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলী বলেন, ‘বিচার বিভাগীয় তদন্তে অপরাধ প্রমাণিত হলেও এর মধ্যে কারো কারো শাস্তির মাত্রা কম হয়েছে বলে মনে করি। তবু এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানাই।’ ভবিষ্যতে অপরাধ করে যেন কেউ ছাড় না পায় সেদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সজাগ থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শাবিপ্রবি সংবাদদাতা